মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্লোবাল ডেবিট কার্ডের উদ্বোধন করল ব্যাংকটি। রাজধানীর দিলকুশায় অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গতকাল রবিবার এ কার্ডের উদ্বোধন করা হয়। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এ কার্ডের মাধ্যমে বিশ্বের যেকোনো জায়গা থেকে যেকোনো মুদ্রায় পজ মেশিন এবং এটিএম মেশিনের লেনদেন করা সম্ভব। এ ছাড়া এ কার্ড থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে টাকা স্থানান্তর করা যাবে। অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য রয়েছে ওয়ানটাইম পাসওয়ার্ডের ব্যবস্থা।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম বলেন, বৈশ্বিক অর্থনীতিতে সংকটকালীন পরিস্থিতির মধ্যেও পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও ব্যবস্থাপনার মাধ্যমে মার্কেটাইল ব্যাংককে তার টেকসই অবস্থান অক্ষুণœ রাখতে সক্ষম হয়েছে। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ নিশ্চিত করে প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে উন্নত ব্যাংকিং ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করবে মার্কেন্টাইল ব্যাংক।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী গত বছরের সাফল্য ও সীমাবদ্ধতার কথা জানিয়ে বলেন, চলতি বছর খেলাপি ঋণ আদায়ে জোরালো পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে নারী উদ্যোক্তা, কৃষি ও এসএমই খাতকে প্রধান্য দেওয়ার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে নতুন নতুন উপশাখা ও এজেন্ট ব্যাংকিং স্থাপন করা হবে। গ্রাহকদের চাহিদা বাস্তবায়নে ডিজিটাল ব্যাংকিং সেবা আরও বিস্তৃত করারও প্রতিশ্রুতি দেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যাংকটির প্রধান ব্যবসায়িক কর্মকর্তা ডা. তাপস চন্দ্র পাল বলেন, গত বছর মার্কেন্টাইল ব্যাংক সাড়ে ২৫ হাজার কোটি টাকার আমদানি বাণিজ্য করেছে। আর রপ্তানিতে আমাদের অবদান ছিল ২০ হাজার ৬০০ কোটি টাকা। আমাদের ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী। মুডিস অন্য ছয় ব্যাংককে রেটিং কমালেও আমাদেরটা আগের অবস্থানেই রয়েছে। আর আগামী ২০২৫ সালের মধ্যে যাতে র্যাংকিংয়ে কোনো পরিবর্তন না আসে এবং আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হয়, সেজন্য আমরা কাজ করছি। বর্তমানে এ ব্যাংকের রেটিং বি২। অন্য ছয় ব্যাংকের রেটিংও বি৩ থেকে কমিয়ে বি২তে আনা হয়েছে।