জাপানি রাষ্ট্রদূতকে দেশের পরিস্থিতি জানালেন ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন জাপানের নতুন রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। গতকাল রবিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, জাপানের নতুন রাষ্ট্রদূত কিছুদিন আগে বাংলাদেশে এসেছেন। তার সঙ্গে এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব, পার্টনারশিপ অনেক পুরনো। জাপানের অনেক বিনিয়োগ বাংলাদেশে আছে। সুতরাং জাপান বাংলাদেশের মানুষের কাছে খুব গ্রহণযোগ্য একটা দেশ। বিএনপির শাসনামলে জাপানের ব্যাপক বিনিয়োগের কথাও তুলে ধরেন।

এক প্রশ্নের জবাবে সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, তারা (জাপান) দেখতে চান সরকার বদল হলেও তা (সম্পর্ক) অব্যাহত থাকবে। বাংলাদেশের সার্বিক নির্বাচনীব্যবস্থা, বর্তমান মানবাধিকার যেগুলো নিয়ে আজ সবাই অবগত, স্বাভাবিকভাবে তাদেরও কনসার্ন থাকার কথা। তারা জানতে চাচ্ছে বাংলাদেশে কী হচ্ছে, আগামীতে কী হতে যাচ্ছে, আগামী দিনে বাংলাদেশ কোথায় যাচ্ছে। এটা তারা বুঝার চেষ্টা করছেন। আপনারা কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে যা হচ্ছে তাই আমরা তুলে ধরেছি। সেগুলো বলা যাবে না বলেও জানান আমীর খসরু।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিমধ্যে গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের সদিচ্ছা ব্যক্ত করেছে। সুতরাং জাপান তো আলাদা কোনো দেশ না। সবাই চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠ,ু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য।

দেশের ১৫ জেলায় ‘জিয়া স্মৃতি পাঠাগার’ খুলেছে বিএনপি : এদিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার বিকেলে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালযের জিয়া স্মৃতি পাঠাগার থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি পাঠাগারের উদ্বোধন করেন। এ সময় মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার পাঠাগার ধ্বংস করেছে। আগে প্রত্যেকটা জেলায় সরকারিভাবে পাঠাগার নির্মাণ করা হতো এবং জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে বইপত্রগুলো সেখানে প্রতি বছর পাঠানো হতো। এখন এসব বন্ধ।

আসুন সরকারের পতন নিশ্চিত করি : নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের সুবিধাভোগী ছাড়া আসুন আমরা ছোট-বড় সব শক্তি একত্র হয়ে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করি।

খুলনায় বিএনপির ৮ নেতাকে আজীবন বহিষ্কার : এদিকে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণ করায় আট নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। শনিবার রাতে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।