গরমে ত্বকের যত্ন

গরম কেবল মানুষের শরীরেই না, ত্বকেও প্রভাব ফেলে। গরমের তাপ, দূষণ এবং ময়লা ত্বককে নিস্তেজ, ডিহাইড্রেটেড, ঘামযুক্ত এবং তৈলাক্ত করে তুলতে পারে।

এ ছাড়া সূর্যের কঠোর ইউভি রশ্মি আমাদের ত্বকের জন্য ক্ষতিকর। স্কিন ট্যান হয়ে যায়। পোরস বড় হয়। ব্রণের সমস্যাও দেখা দেয়। তাই ত্বককে নিস্তেজ ও ড্যামেজের হাত থেকে বাঁচাতে গরমের এই সময় প্রয়োজন বাড়তি যত্ন।

তবে কিছু রুটিন মেনে চললে এই গরমেও ত্বকের উজ্জ্বলতা এবং স্বাস্থ্যকর ভাব ধরে রাখা সম্ভব। চলুন জেনে নেই ত্বকের ধরন অনুযায়ী যত্ন।

১. গরমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সারাদিনে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা। সূর্যের আলো ত্বককে দ্রুত ডিহাইড্রেট করতে পারে। তাই প্রচুর পানি পান করা উচিত। এতে ত্বক হাইড্রেটেড থাকবে। পাশাপাশি প্রচুর পরিমাণে সবুজ শাক-সবজি ও খাওয়া উচিত।

২. গ্রীষ্মকালে ত্বকের আরেক গুরুত্বপূর্ণ যত্ন হল সানস্ক্রিন লাগানো। কমপক্ষে এসপিএফ ৩০ বা তারও বেশি সানস্ক্রিন ব্যবহার করা উচিত। বাইরে যাওয়ার ১৫-৩০ মিনিট আগে সানস্ক্রিন লাগালে এটি ত্বককে ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে রক্ষা করে।

৩. গরমে মেকাপের পর ডাবল ক্লিনজিং অবশ্যই করা উচিত। নয়তো ঘামে ত্বকে তেল উৎপাদন হয়ে ত্বক কনজেস্টেড হয়ে যায়। ডাবল ক্লিনজিং মানে হল প্রথমে অয়েল বেজড ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে তারপর ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াস ইউজ করা উচিত।

৪. গরমে ত্বকের যত্নে মুলতানি মাটির উপকারিতা অনেক। তবে শুষ্ক ত্বক হলে বেশি ব্যবহার না করাই ভালো, নয়তো ত্বক আরও শুষ্ক করে তুলতে পারে। গরমে তৈলাক্ত ত্বকে মুলতানি মাটির সাথে গোলাপজল ও মধু ব্যবহার করে মুখে ব্যবহার করুন। উপকার পাবেন।

৫. গরমকালে কম-বেশি সবারই ঘাম হয়। তাই বারবার মুখে পানির ঝাপটা দিন। এতে ত্বকে ঘাম বসবে না। ময়লাও জমবে না। সেই সঙ্গে বারবার মুখে পানির ঝাপটা দেয়ার ফলে নিজেকে অনেকটা সতেজও লাগবে।

৬. এই সময়ে যতটা সম্ভব কম মেকআপ ব্যবহার করুন। গরমে ঘাম বেশি হয়। তার ওপরে মেকআপ করলে ত্বকের ক্ষতি হয়। পাশাপাশি বাড়তি সতর্কতা হিসেবে বাইরে বেরোলে ছাতা ব্যবহার করুন।