প্রধানমন্ত্রী বললেন

তারা বিএনপিকে ব্যবহার করবে কিন্তু ক্ষমতা দেবে না

কোনো বহিরাগত শক্তিই বিএনপিকে ক্ষমতা দেবে না, বরং তারা সরকারের বিরুদ্ধে বিএনপিকে ব্যবহার করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতিকে বিএনপির সমর্থন জানানোর বিষয়টি উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘তারা মনে করে যে কেউ, অন্য কোথাও থেকে এসে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। তারা এজন্য আনন্দিত। এমনটা কেউ করবে না। তারা ব্যবহার করবে, কিন্তু ক্ষমতা দেবে না।’

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগই গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষা করেছে এবং দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা নিশ্চিত করেছে।

ভিসানীতির দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা আরও বলেন, ‘এক দৃষ্টিকোণ থেকে এটা ভালো যে তারা (বিএনপি) যদি অগ্নিসংযোগ, সহিংসতা অবলম্বন করে এবং জনগণকে হত্যা করে তবে তারা মার্কিন ভিসা পাবে না। যে শক্তির তালে বিএনপি নাচে তারাই ধ্বংস করবে। আমাদের কিছু করার নেই। আমাদের ভাবার কিছু নেই।’

প্রধানমন্ত্রী বলেন, তিনি ইতিমধ্যে (সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে) বলেছেন বিএনপিকে আন্দোলন করতে দিতে। তারা যে আন্দোলন করতে চায় তাই করুক। আমরা কিছু বলব না।

জাতীয় গ্রিডে আরও বিদ্যুৎ যুক্ত হওয়ার ফলে চলমান বিদ্যুতের পরিস্থিতি আগামী ১০-১৫ দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা লোডশেডিং করতে বাধ্য হচ্ছি। আমি জানি, মানুষ কষ্ট পাচ্ছে, মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করতে পারি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আগামী দু-এক দিনের মধ্যে জাতীয় গ্রিডে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। ১০-১৫ দিনের মধ্যে আরও বিদ্যুৎ যুক্ত হবে। তখন আর কোনো কষ্ট থাকবে না।’

তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত, এবার মানুষকে প্রচণ্ড গরম সহ্য করতে হচ্ছে, যা অস্বাভাবিক। বাংলাদেশে তাপমাত্রা ৪১ ডিগ্রিতে উঠবে তা আমরা ভাবতেও পারতাম না।’

সরকারপ্রধান বলেন, বৃষ্টি নেই, এতে দুর্ভোগ আরও বেড়েছে। উপায় খুঁজতে আমরা বারবার মিটিংয়ে বসেছি এবং এই কষ্ট লাঘবের চেষ্টা করছি।

বাংলাদেশ একাই শুধু বৈশ্বিক কারণে সৃষ্ট এ সমস্যার মুখোমুখি হচ্ছে না উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা বাংলাদেশকে ভালো অবস্থানে রেখে প্রতিটি ঘরে বিদ্যুৎ সরবরাহ করলেও বৈশ্বিক পরিস্থিতি সবকিছুকে বিপর্যস্ত করে দিয়েছে।

দেশবাসীর মর্যাদা হানিকর কাজ কখনই করি না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সংসদে বলেছেন, তিনি কখনো এমন কোনো অন্যায় কাজ করেননি, যা দেশের মানুষের মর্যাদা ক্ষুণœ করতে পারে। জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের জবাবে গতকাল তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক ঋণদাতা বিশ্বব্যাংকও (ডব্লিউবি) বুঝতে পেরেছে, তারা পদ্মা সেতু নির্মাণ নিয়ে তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ এনেছিল।

তিনি আরও বলেন, ‘(যুক্তরাষ্ট্রের ওয়াাশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে আমার সাম্প্রতিক সফরের সময়) আমি দৃঢ়ভাবে বলেছিলাম, বাংলাদেশের জনগণের মর্যাদা ক্ষুণœকারী কোনো অসৎ উদ্দেশ্যকে আমি কখনই সমর্থন করব না।’

সংসদ নেতা বলেন, ‘বিশ্বব্যাংক বুঝতে পেরেছে যে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে।’ বিশ্বব্যাংকের সদর দপ্তরে আলোচনার সময় তিনি আরও একবার বিশ্বব্যাংকের উদ্দেশ্যমূলক পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বলেও জানান শেখ হাসিনা।

আওয়ামী লীগের সংসদ সদস্য কাজিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, দেশে বর্তমানে (মে পর্যন্ত) মজুদকৃত খাদ্যশস্যের পরিমাণ ১৬ দশমিক ২৭ লাখ টন। তিনি বলেন, ‘মোট খাদ্যশস্যের মধ্যে চালের পরিমাণ ১২ দশমিক ২৫ লাখ টন, গম ৩ দশমিক ৯৬ লাখ টন এবং ধানের পরিমাণ ৯ হাজার টন।’

তিনি বলেন, দেশে সর্বোচ্চ খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে চলতি অর্থবছরে (২৩ মে ২০২৩) এ পর্যন্ত ৬ দশমিক ৩৪ লাখ টন চাল এবং ৬ লাখ ৮০ লাখ টন গম আমদানি করা হয়েছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশের নতুন নতুন এলাকায় ভূতাত্ত্বিক জরিপ ও সিসমিক সার্ভে কার্যক্রম জোরদার করা হয়েছে।

জাপা সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গার আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাদ পড়ার ফলে বাংলাদেশ ২০২৬ সালের পর ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা পাবে না। তিনি বলেন, ‘এটি ভারতে পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি বিবেচনায় নিয়ে ভারতের সঙ্গে ব্যাপক অর্থনৈতিক অংশীদারি চুক্তি (সিইপিএ) কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘এটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। সিইপিএ স্বাক্ষরিত হলে ভারতে বাংলাদেশের রপ্তানি ১৯০ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এতে জিডিপি ১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।’

আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, বর্তমানে বিশ্বের ১৭৪টি দেশে ১ কোটি ২০ লাখ কর্মরত প্রবাসী রয়েছেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা : ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ঢাকার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শেখ হাসিনা দলীয়প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে ঐতিহাসিক এ দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বাসস