কৃষি ও সড়কে ৯১৮০ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

দেশের কৃষিপণ্যের বৈচিত্র্য বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধি এবং কৃষিপণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং আধুনিক পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠাকল্পে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির হার কমিয়ে আনতে দুই প্রকল্পে ৮৫৮ মিলিয়ন ডলার বা ৯ হাজার ১৮০ কোটি টাকা ঋণ হিসেবে দেবে বিশ্বব্যাংক।

গতকাল বুধবার বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে মোট ৮৫৮ মিলিয়ন মার্কিন ডলারের ২টি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং বিশ্বব্যাংকের পক্ষে বিশ্বব্যাংক ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর মো. আব্দুলায়ে সেক অর্থায়ন চুক্তিতে স্বাক্ষর করেন। ইআরডি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলেন্স (পার্টনার) প্রকল্পে ৫০০ মিলিয়ন ডলার বা ৫৩৮০ কোটি টাকা এবং বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পে ৩৫৮ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৮৩০ কোটি টাকার অর্থায়ন চুক্তি হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (লিড এজেন্সি) এবং অংশীদার বাস্তবায়নকারী সংস্থা কৃষি বিপণন অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পার্টনার প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটি জুলাই ২০২৩ সাল থেকে জুন ২০২৮ মেয়াদে বাস্তবায়ন করা হবে।

এছাড়া বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পটি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) কর্তৃক যৌথভাবে বাস্তবায়ন করা হবে। জানা গেছে, বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে এসডিআর-এ ঋণ গ্রহণ করা হবে এবং গৃহীত ঋণ ৫ (পাঁচ) বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে।