দাবানলের ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে ১০ কোটি মানুষ

কানাডার দাবানল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ভয়াবহ এই দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়ায় কানাডা এবং যুক্তরাষ্ট্রে ১০ কোটির বেশি মানুষ গুরুতর স্বাস্থ্যঝুঁকির মধ্যে আছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল পরিস্থিতির মুখোমুখি হয়েছে তার দেশ। কানাডিয়ান ন্যাশনাল ফায়ার ডেটাবেজ অনুসারে, ৩৮ লাখ হেক্টরের বেশি অর্থাৎ নিউ জার্সির প্রায় দ্বিগুণ এলাকা এখন পর্যন্ত পুড়ে গেছে। দেশটির ২০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এ ছাড়া কুইবেকে ১৫০টি এলাকায় সক্রিয় দাবানলের কারণে নিউ ইয়র্কের বায়ুদূষণ বাড়ছে। গত বুধবার বিকেল পর্যন্ত নিউ ইয়র্ক সিটি বায়ুদূষণে বিশ্বে শীর্ষ অবস্থানে ছিল। দাবানলের কারণে বাতাসের মান খারাপ হওয়ায় উত্তর আমেরিকার লাখ লাখ মানুষকে ঘরের বাইরে এন৯৫ মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে দাবানল পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে কথা বলেছেন। বিধ্বংসী এই দাবানল মোকাবিলায় অতিরিক্ত সহায়তা দেওয়ারও প্রস্তাব দেন তিনি। পরে এক টুইট বার্তায় বাইডেনকে ধন্যবাদ জানিয়ে ট্রুডো বলেন, এই আগুন প্রতিদিনের জীবন-জীবিকা এবং আমাদের বায়ুর মানকে প্রভাবিত করছে।