দেশে কর্মরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিদেশ যাওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অফিসসহ সংশ্লিষ্ট বিভাগকে জানাতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অফিস থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২০ সালের ২৩ মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার বিদেশ ভ্রমণের ক্ষেত্রে তাদের অনুপস্থিতির সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, দাপ্তরিক ফোন, সেল ফোন নম্বর ও ই-মেইল অ্যাড্রেস গভর্নর সচিবালয় এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগকে অবহিত করার জন্য আপনাদের নির্দেশনা দেওয়া হয়।