সংলাপের আশার প্রদীপ এখনো নেভেনি : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের আপাতত সংলাপের কোনো ভাবনা নেই। তবে সংলাপের আশার প্রদীপ এখনো নেভেনি। গতকাল শুক্রবার রাত ১০টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে গণমাধ্যম গেটে অপেক্ষমাণ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আশার প্রদীপ কোনোদিনও নেবে না। কিন্তু আজকে আপনি আমাদের বলছেন সরকারি দলকে সংলাপের কথা। আমরা আপাতত এ নিয়ে ভাবছি না। গতকাল (বৃহস্পতিবার) বলেছি, সংলাপ নিয়ে এই মুহূর্তে আমাদের কোনো ভাবনা নেই। ভবিষ্যতের কথা ভবিষ্যতে বলতে পারব।’

তিনি বলেন, ‘তারা (বিএনপি) বারবার একই কথা বলে, বিগত নির্বাচনে তারা বারবার একই কথা বলেছে। পানি ঘোলা করে নির্বাচনে আসেনি। এবার কী হবে জানি না। নির্বাচন ছাড়া তাদের আগুন সন্ত্রাস তৎপরতা, নির্বাচনে বাধা দেওয়ার ইচ্ছা থাকতে পারে। তবে তারা আওয়ামী লীগের জন্য নিষেধাজ্ঞা আনতে গিয়ে তারা এখন নিজেরাই ভিসানীতির ফাঁদে পড়েছে। ভিসা নিতে এসব আগুন সন্ত্রাস, নির্বাচনে বাধা দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি করা ওই নিয়মনীতির আওতায় পড়ে। এটা শোনার পর তাদের মুখ শুকিয়ে গেছে। মুখে যদিও বলছে না।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি তাদের মধ্যে নেগেটিভ মনোভাব পোষণ করছে। যে নেতিবাচক বিষয়টা তারা নিয়ে আসছে তারা তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্ট বিলুপ্ত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। এ তিনটি না হলে তারা নির্বাচনে আসবে না। আমরা বলছি এ তিনটি বিষয়ে কোন কারণে? সরকার কেন পদত্যাগ করবে? কোন কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন? কোন কারণে তত্ত্বাবধায়ক সরকার?’

তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার একটা ডেড ইস্যু। এটাকে নতুন করে জীবিত করব কেন? এটা তো আমাদের কোনো প্রয়োজন নেই। পৃথিবীর অন্যান্য দেশে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে কেন হবে না? আমাদের সংবিধান আছে।’