অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তাই ২৮৬টি পণ্যের ওপর দেওয়া আমদানি বিধিনিষেধ তুলে নিয়েছে দেশটি। গতকাল শনিবার শ্রীলঙ্কার অর্থমন্ত্রণালয় এ তথ্য জানায়। গত বছর তীব্র অর্থনৈতিক সংকটে পড়ে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটি। এর অন্যতম কারণ ছিল ডলার সংকট। সে সময় সংকট কাটাতে কয়েক হাজার পণ্যের ওপর আমদানি বিধিনিষেধ আরোপ করে দেশটির সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে প্রায় তিন বিলিয়ন ডলার বেলআউট পাওয়ার পরই মূলত ঘুরে দাঁড়াতে শুরু করে শ্রীলঙ্কা।
বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। একই সঙ্গে বাড়তে শুরু করেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
চলতি বছরের মে মাসে শ্রীলঙ্কার রিজার্ভ ২৬ শতাংশ বেড়ে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ। দ্বীপ রাষ্ট্রটির রিজার্ভ বৃদ্ধিতে সাহায্য করছে রেমিট্যান্স ও পর্যটন।
অর্থমন্ত্রী এক বিবৃতিতে শুক্রবার জানিয়েছেন, ২৮৬টি পণ্যের ওপর আমদানি বিধিনিষেধ তুলে নেওয়া হলো। তবে অন্য ৯২৮টি পণ্যের ওপর বিধিনিষেধ চালু থাকবে।
তাছাড়া চলতি সপ্তাহ থেকে গুরুত্বপূর্ণ ১৬টি ওষুধের মূল্য ১৬ শতাংশ কমাবে বলেও ঘোষণা দিয়েছে।