আরব সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ দ্রুত শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে মারাত্মক প্রবল ঘূর্ণিঝড়ে (এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রর্ম)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯০ কিলোমিটার গতির ঝড়ো হাওয়ার শক্তি নিয়ে এ ঘূর্ণিঝড়টি ধেয়ে যাচ্ছে ভারত-পাকিস্তান উপকূলের দিকে। গতকাল রবিবার ভারতের আবহাওয়া অফিস জানায়, বর্তমান গতিপথ ঠিক থাকলে ১৪ জুন সকাল পর্যন্ত ‘বিপর্যয়’ উত্তর দিকে অগ্রসর হবে। তারপর উত্তর উত্তরপূর্ব দিকে বাঁক নিয়ে ১৫ জুন দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড়ের আকারে গুজরাটের মান্দভি এবং পাকিস্তানের করাচির মাঝামাঝি ভারতের সৌরাষ্ট্র ও কুচ এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। গুজরাট রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে আরব সাগরের তীরবর্তী বন্দরগুলোতে জারি করা হয়েছে সতর্কতা। পাকিস্তান সরকারও সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশে সতর্কতা জারি করেছে।