জেলেনস্কির শহরে রুশ ক্ষেপণাস্ত্রে নিহত ১০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে ক্রিভি রির আবাসিক ভবন ও গুদামে হামলার ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক জানান, অ্যাপার্টমেন্ট ব্লকে চারজন এবং গুদামে ছয়জন নিহত হয়েছে। শহরটির মেয়র ওলেকজান্ডার ভিলকুল জানান, ধ্বংসস্তূপের নিচে এখনো একজন আটকা রয়েছেন। আর হামলায় আহত হয়েছে ২৮ জন। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাঁচতলা আবাসিক ভবনের বাসিন্দা ওলহা চেরনোসোভা বলেন, তিনি প্রচণ্ড বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে ওঠেন। বিস্ফোরণের শব্দ অনেকটা বজ্রপাতের মতো শোনা যাচ্ছিল। বিস্ফোরণের ঘটনায় ভবনের চারপাশের রাস্তা এবং চত্বরে কাচ ও ইট ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। হামলায় অন্তত পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ক্রিভি রি শহরে জন্মগ্রহণকারী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই হামলার নিন্দা জানিয়েছেন। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘রাশিয়ার খুনিরা আবাসিক ভবন, সাধারণ শহর এবং মানুষের বিরুদ্ধে তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’