বাংলাদেশের উচ্চ শিক্ষিতদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি এবং নারীশিক্ষার হার বৃদ্ধি করার উদ্দেশ্যে নেওয়া হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্পে ১৯১ মিলিয়ন মার্কিন ডলার বা ২ হাজার ৪৩ কোটি টাকা (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) দেবে বিশ্বব্যাংক। এ নিয়ে ২০২২-২৩ অর্থবছরে বিশ্বব্যাংক থেকে এ পর্যন্ত মোট ৩ দশমিক ৬০ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি পাওয়া গেছে, যা এক বছরে বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের সর্বোচ্চ অর্থায়নের প্রতিশ্রুতি।
গতকাল সোমবার এ সংক্রান্ত একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং বিশ্বব্যাংকের পক্ষে বিশ্বব্যাংক, ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর মিস্টার আব্দুল্লায়ে সেক অর্থায়ন চুক্তিতে স্বাক্ষর করেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ইআরডি জানায়, সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক এই প্রকল্পটি জানুয়ারি ২০২৩ থেকে জুন ২০২৮ মেয়াদে বাস্তবায়ন করা হবে। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে এসডিআর-এ বর্ণিত ঋণ গ্রহণ করা হবে এবং গৃহীত ঋণ ৫ (পাঁচ) বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। এসডিআরে গৃহীতব্য ঋণের অর্থের ওপর বার্ষিক ০.৭৫% হারে সার্ভিস চার্জ এবং ১.২৫% হারে সুদ প্রদান করতে হবে। অনুত্তোলিত অর্থের ওপর বার্ষিক ০.৫০% হারে কমিটমেন্ট ফি প্রদেয় হবে। তবে, বিশ্বব্যাংক চলতি অর্থবছরসহ দীর্ঘদিন ধরে কমিটমেন্ট ফি মওকুফ করে আসছে।
গত এক দশকের অধিককাল ধরে বাংলাদেশ অর্থনীতির বিভিন্ন সূচকে তাৎপর্যপূর্ণ উন্নয়ন অর্জন করেছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি বড় চ্যালেঞ্জ হলো কভিড-১৯ মহামারী পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রের অবর্ণনীয় ক্ষতি মোকাবিলা এবং উচ্চ শিক্ষিতদের চাকরির সুযোগ সৃষ্টি করা। এছাড়া, দক্ষিণ এশিয়া অঞ্চলের নারীদের উন্নয়নের একটি বিরাট সম্ভাবনা ও সুযোগ রয়েছে। বাংলাদেশের উচ্চ শিক্ষিতদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি এবং নারীশিক্ষার হার বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির প্রধান প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে বাজার চাহিদাভিত্তিক শিক্ষা কোর্স প্রবর্তন, উচ্চ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ডিজিটাল সংযোগ বৃদ্ধি, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা ও প্রশিক্ষণ অ্যাকাডেমি প্রতিষ্ঠা, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর জন্য অ্যাকাডেমিক ভবন নির্মাণ ইত্যাদি।