দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) শৃঙ্খলা ফেরাতে কড়াকড়ি শর্ত আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী এসব প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা একাধিক পদে দায়িত্ব পালন করতে পারবেন না। এ বিষয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এখন থেকে প্রতিষ্ঠানের উচ্চপদ বিবেচনায় অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের প্রধান, ঋণঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান, প্রধান আর্থিক কর্মকর্তা এবং কোম্পানি সচিবের মতো শীর্ষ পদগুলোর যথাযথ গুরুত্ব দিতে বলা হয়েছে। এসব পদের কোনো কর্মকর্তা অন্য কোনো পদে দায়িত্ব পালন করতে পারবেন না। আর শীর্ষ পদ বিবেচনায় এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার নিয়োগের যাবতীয় তথ্য ১৫ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে। একইভাবে এসব কর্মকর্তাকে বরখাস্তের কমপক্ষে এক মাস আগে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়সের উচ্চসীমা অবশ্যই নির্ধারণ করতে হবে। এসব প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিতকরণ, স্বচ্ছ নিশ্চিতকরণ, যোগ্য, সৎ ও দক্ষ মানবসম্পদ নিয়োগে ব্যবস্থাপনা কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে ব্যবস্থাপনাসংশ্লিষ্ট একটি সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে এবং এতে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের প্রধান, ঋণঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান, প্রধান আর্থিক কর্মকর্তা কোম্পানি সচিব ইত্যাদি পদের যথাযথ গুরুত্ব বিবেচনায় বর্ণিত পদগুলোর যোগ্যতাও পরিচালনা পর্ষদের অনুমোদিত নীতিমালায় উল্লেখ থাকতে হবে।