ধসে পড়ল বাংলাদেশ

প্রথমদিন শেষে সংবাদ সম্মেলনে আফগান কোচ জনাথন ট্রট মজা করে ১০ রানে টাইগারদের বাকি ৫ উইকেট নেওয়ার কথা বলেছিলেন। সকাল হতেই সেই কথা ফলতে শুরু করেছে। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ধসে পড়ল বাংলাদেশ। ১৪ রান যোগ করতেই নেই তিন টাইগার ব্যাটসম্যান। ফিফটি বঞ্চিত হয়েছেন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ।

আগের দিন ৪৩ রানে অপরাজিত থেকে শেষ করেছিলেন মেহেদি হাসান মিরাজ। আজ যোগ করেছিলেন আরও ৫ রান। হাফ সেঞ্চুরি থেকে দূরে ছিলেন আর মাত্র ২ রান। কিন্তু এমন সময় ব্যাকওয়ার্ড পয়েন্টে তুলে মারেন শট। তাতেই ফিফটি বঞ্চিত হয়ে ফিরে যেতে হয় তাকে। ৫০-এর আগে ফিরে গেছেন মুশফিকুর রহিমও।

ইয়ামিন আহমাদজাইয়ের করা ৮৩তম ওভারের তৃতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে আমির হামজার হাতে ক্যাচ তুলে দেন মিরাজ। ফেরার আগে ৮০ বল খেলে ৮ চারে ৪৮ রান করেন।

ফিফটি বঞ্চিত হয়েছেন মুশফিকুর রহিমও। পরের ওভারের প্রথম ডেলিভারিটিই শর্ট বল দেন নিজাত মাসুদ। স্লিপে দাঁড়িয়ে সেই ক্যাচ নেন নাসির জামাল। ফেরার আগে মুশফিক সংগ্রহ করেন ৪৭ রান। ৭৬ বলে তার ইনিংসটি সাজানো ছিল ৪টি চারে।

একই ওভারের তৃতীয় বলে ফ্লিক করতেই গিয়ে শর্ট লেগে আব্দুল মালিকে হাতে ক্যাচ তুলে দেন তাইজুল ইসলাম। তিনি ফিরে যান রানের খাতা খোলার আগেই।