জয়পুরহাটে হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নুর ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ৩ ভাই হলেন- কালাই উপজেলার গোপীনাথপুর আপলাপাড়া গ্রামের মাহফুজার রহমান, রকিবুল ইসলাম অফির ও আব্দুল কুদ্দুস। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে ৫ জনকে খালাস দেন আদালত।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৩০ এপ্রিল সকালে কালাই উপজেলার গোপিনাথপুর- জগডুম্বর মাঝামাঝি এলাকায় গ্রাম্য রাস্তার পানি যাওয়ার ড্রেনের মাটি তুলে নিজ জায়গা ভরাট করছিলেন আসামিরা।
এ সময় সোলায়মান আলী সেই মাটি রাস্তার ওপর দিতে বললে তাদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে আসামীরা সোলায়মানের মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। এ সময় স্থানীয়রা তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।