চলতি জুনের প্রথম দিকে যে গরম পড়েছিল তা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু মনিটরিং সংস্থা। ইইউর কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের (সি৩এস) উপপরিচালক সামান্থা বারগেস এক বিবৃতিতে বলেছেন, বিশ্ব জুনের প্রথম সপ্তাহে সবচেয়ে উষ্ণতম সময় প্রত্যক্ষ করেছে।
সংস্থাটি জানিয়েছে, ইআরএ৫ ডাটায় যে তথ্য রয়েছে, সেটি অনুযায়ী, ২০২৩ সালের জুনের প্রথম সপ্তাহে বিশ্বের বায়ুমণ্ডলের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল। সংস্থাটির প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১১ জুন গড় তাপমাত্রা সর্বোচ্চ ১ দশমিক ৬৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। আর গত ৮ ও ৯ জুন যে গড় তাপমাত্রা ছিল তা গত বছরের ঠিক একই দিনের তাপমাত্রার চেয়ে ০ দশমিক ৪ ডিগ্রি বেশি ছিল। আর শিল্পপূর্ব যুগে বিশ্বে যে তাপমাত্রা ছিল, এবার জুনের প্রথম সপ্তাহে সেটি থেকে তাপমাত্রা প্রথমবারের মতো ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে দেখা গেছে।