অবিলম্বে মালি থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহারের নির্দেশ জানিয়েছে দেশটির অন্তর্বর্তী সামরিক সরকার। গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় মালির পররাষ্ট্রমন্ত্রী আবদুলাই দিওপ তার সরকারের সিদ্ধান্ত জানিয়ে দেন। মালির অভিযোগ, জাতিসংঘের শান্তি মিশন ইউনাইটেড মিনুসমা অর্থাৎ নেশন্স মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি (এমআইএনইউএসএমএ) বাহিনী আন্তঃসাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধির বড় কারণ হয়ে উঠেছে। মালির বিভিন্ন বিষয়ে ফ্রান্সের দীর্ঘস্থায়ীভাবে জড়িত থাকার বিষয়ে দেশটির নাগরিকরা অসন্তুষ্ট, শান্তিরক্ষীরা কার্যত ফ্রান্সের পক্ষপাতিত্ব করছে এই অভিযোগে, মিনুসমার সমালোচনা করেন দিওপ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্যবশত শান্তিরক্ষী বাহিনীই এখন আন্তঃসম্প্রদায় সংঘাত উসকে দিচ্ছে। বর্তমানে তারাই আমাদের সমস্যা হয়ে উঠেছে। মালির জনগণ, সরকার ও শান্তিরক্ষী বাহিনীর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। তাই মালি সরকার কোনো সময় নষ্ট না করে শান্তিরক্ষী বাহিনী সরিয়ে নেওয়ার নির্দেশ দিচ্ছে।’ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে আফ্রিকার দেশ মালিতে অবস্থান করছেন ১৫ হাজারেরও বেশি সেনা। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় দেড় হাজার সেনা এবং বাংলাদেশ পুলিশের ২৮৩ জন সদস্য।