বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে প্রস্তুতি নিচ্ছে তার পরিবারের সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার একজন উপদেষ্টা দেশ রূপান্তরকে বলেন, ‘খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের কাছে আবেদন করতে পরিবারের পক্ষ থেকে কিছুটা সময় নেওয়া হচ্ছে। কারণ তাকে চিকিৎসার জন্য বিদেশ নিতে প্রস্তুতির দরকার আছে। সে প্রস্তুতি শেষে সরকারের কাছে আবেদন করা হবে।
পরিবারের সদস্যরাই সে আবেদন করবেন।’
এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে গতকাল শনিবার খালেদা জিয়াকে গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আয়কর উপদেষ্টা ও দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান দেশ রূপান্তরকে বলেন, ‘চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। পাশাপাশি তার মুক্তির জন্য আমরা চেষ্টা করছি। ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান জোসেপ বোরেলকে দেওয়া চিঠিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার কথা বলেছেন। এ ধরনের আহ্বান আরও আসতে থাকবে। দেশে দলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলনে আছে। আশা করছি সরকার অবিলম্বে তাকে মুক্তি দেবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের আবেদনে সাড়া দেবে।’
বাসায় ফিরলেন খালেদা জিয়া : জ¦র ও পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া খালেদা জিয়া গতকাল ৭টা ৫০ মিনিটে ফিরোজায় ফিরেছেন। এর আগে বিকেল ৬টা ৩৫মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, সাবেক এমপি রেহেনা আক্তার রাণু, শাম্মী আখতার, শিরিন সুলতানাসহ আরও অনেকে।
খালেদা জিয়াকে বাসায় নেওয়ার পর ডা. জাহিদ সাংবাদিকদের বলেন, ‘চেয়ারপারসনের যে চিকিৎসা দেশে রয়েছে তাতে তার পুরোপুরি সুস্থতার সম্ভাবনা নেই। এ কারণে কয়েকদিন পরপরই তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। তাকে সুস্থ করতে হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরামর্শ দিয়েছেন।’
খালেদা জিয়ার বাসায় ফেরার খবরে তার বাসভবনের সামনে দুপুর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দলটির নেতাকর্মীরা বলেছেন, বাসভবনের সামনের সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ।
এর আগে গত সোমবার রাত সোয়া ১টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হওয়ায় কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত দেন। এর আগে গত ২৯ এপ্রিল কিছু উপসর্গের কারণে পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল।