সাজেকে এবার ডায়রিয়ায় স্বামী স্ত্রীর মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক লংথিয়ান পাড়ায় এবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ দম্পতি মারা যান।

মৃতরা হলেন সাজেক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুর্গম নতুন বেটলিং গ্রামের বাসিন্দা বাহন ত্রিপুরা (৫৫) ও মেলাতি ত্রিপুরা (৫০)।

পরিবারের সদস্যরা জানান, বাহন ত্রিপুরা ও মেলান ত্রিপুরার মেয়ের শ্বশুরবাড়ি লংথিয়ান পাড়ায়। মেয়ে ও মেয়ের জামাই ডায়রিয়ায় আক্রান্ত হলে তারা দুজনই সেখানে তাদের দেখতে গিয়েছিলেন। এরপর তারাও ডায়রিয়ায় আক্রান্ত হন। লংথিয়ান পাড়ায় মেয়ের শ্বশুরবাড়িতেই গত শুক্রবার রাতে তারা মারা যান। এর আগে একই গ্রামে আরও দুজন ডায়রিয়ায় মারা গেছেন।

রাঙ্গামাটির সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, ‘আমরা দুজনের মৃত্যুর খবর পেয়েছি এবং পুরো এলাকার সার্বিক অবস্থার খোঁজ নিচ্ছি। প্রয়োজন হলে আবার আমাদের মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা করব। এর মধ্যে আমাদের টিম গত বুধবার ৩৯ রোগীকে চিকিৎসা দিয়ে ফিরে এসেছে। প্রয়োজনে আবার যাবে। কিন্তু নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা ঠিক না হলে এটার স্থায়ী সমাধান হবে না।’

সাজেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য বন বিহারী চাকমা বলেন, ‘সেখানে আরও দুজন ডায়রিয়ায় অসুস্থ আছে বলে আমি খবর পেয়েছি কারবারির মাধ্যমে। তাদের জন্য ওষুধ পাঠানো হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে।’

উল্লেখ্য, গত ৭ জুন একই পাড়ায় দুজনের মৃত্যু হয় ডায়রিয়ায়। সে সময় ৩৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হন। তখন জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দুর্গম সে গ্রামে তিনটি মেডিকেল টিম পাঠানো হয়। যারা ৮ জুন সেখানে যায় এবং ১৩ জুন ফিরে আসে।