তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার পরিবার নিয়ে একটি ভিডিও ইউটিউব ও ফেসবুকে আপলোড করে অপপ্রচারের দায়ে চট্টগ্রাম নগরের চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন মো. আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি।
মামলায় কানাডা প্রবাসী নাজমুস সাকিব নামে কথিত এক সাংবাদিক ও ইউটিউবারসহ ৮ জনকে আসামি করা হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বাদি হয়ে রোববার (১৮ জুন) রাতে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫(২), ২৬(২), ২৯(১) ও ৩৫ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। থানার এসআই মো. আসাদুল ইসলামকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
মামলার এজাহারে আরিফুল ইসলাম অভিযোগ করেন, ড. হাছান মাহমুদকে রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে হেয়প্রতিপন্ন, মানহানি ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার কু-মানসে মিথ্যা তথ্য উপস্থাপন পূর্বক উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে ‘নাগরিক টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ১৩ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আপলোড করা হয়।
প্রকৃতপক্ষে, ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি কোনো টিভি চ্যানেল নয়, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মাত্র। তাদের উল্লেখিত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত প্রকৃত নাগরিক টিভির কর্তৃপক্ষ আসামি কর্তৃক পরিচালিত ভুয়া ও অবৈধ নামধারী নাগরিক টিভির সঙ্গে কোনো সম্পর্ক নেই মর্মে সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে প্রচার করেছে।