সাংবাদিক নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার তাকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাবুকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নোটিস পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে হবে। গত শনিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে বাবুসহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে তাকে।
সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর গত শুক্রবার তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৯ জনকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন মেয়াদে পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ।
গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে একদল দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে ফেলে রেখে যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান।
‘সংবাদ প্রকাশের জেরে’ নাদিম হত্যাকাণ্ডের পর থেকে আলোচনায় ছিলেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের পদে থেকে তিনি পরপর দুবার নৌকার মনোনয়ন নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।