দখল করা পশ্চিমতীরে আরও সাড়ে চার হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণের এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব। একই সঙ্গে অবিলম্বে এ ধরনের পরিকল্পনা স্থগিতের আহ্বান জানিয়েছেন তিনি। গত সোমবার এক বিবৃতিতে মহাসচিবের এই মনোভাব তুলে ধরেন তার উপ-মুখপাত্র ফারহান হক। বিবৃতিতে গুতেরেস আরও বলেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি স্থাপন বন্ধ করতে হবে ইসরায়েলকে। বসতি নির্মাণের অগ্রগতির পরিকল্পনা উত্তেজনা ও সহিংসতা এবং দীর্ঘস্থায়ী শান্তির পথে অন্যতম বাধা।’ সম্প্রতি অধিকৃত পশ্চিমতীরে হাজার হাজার ভবন নির্মাণের অনুমতি দেওয়ার পরিকল্পনা পেশ করেছে ইসরায়েল। পশ্চিমতীরে বসতি সম্প্রসারণ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রের চাপ থাকার পরও এ পদক্ষেপ নিয়েছে দেশটির কট্টর ডানপন্থি সরকার। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচকে ৪ হাজার ৫৬০টি হাউজিং ইউনিট স্থাপন ত্বরান্বিত করার ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘পশ্চিমতীরে আমরা বসতি স্থাপন করেই যাব এবং ওই ভূখণ্ডে ইসরায়েলের প্রভাব আরও বিস্তৃত করব।’