ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানেরও সব ধরনের ঋণের সুদহার বাড়ছে। বাণিজ্যিক ব্যাংকের চেয়ে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সুদহার ২ শতাংশ বেশি বাড়বে। এর ফলে আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১৩ শতাংশ। গতকাল মঙ্গলবার বাংলাদেশ আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনা মতে, সুদহার নির্ধারণ হবে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের ওপর। এতে সব ধরনের ব্যাংকঋণের সুদহার বাড়বে। আগামী জুলাই মাস থেকে এটি কার্যকর হবে। এর নাম হবে ‘সিক্স মানথ মোভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল বা স্মার্ট’।
বাংলাদেশ ব্যাংক জানায়, ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিল বা স্মার্টের আমানতে গড় সুদহারের সঙ্গে আরও ৫ শতাংশ তদারকি মাশুল যুক্ত হবে। তবে কোনোভাবেই এরচেয়ে বেশি সুদহার নির্ধারণ করা যাবে না। সিএমএসএমই ঋণ ও ভোক্তা ঋণের আওতাধীন ব্যক্তিগত ঋণ ও গাড়ি কেনার ঋণের সঙ্গে আরও ১ শতাংশ তদারকি মাশুল যুক্ত হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ১৮২ দিন মেয়াদি সিক্স মানথ মোভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল বা স্মার্টের গড় সুদহার হবে ৭ দশমিক ১৩ শতাংশ। এর সঙ্গে আরও ৫ শতাংশ তদারকি মাশুল যুক্ত হবে। এতে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদহার হবে ১২ দশমিক ১৩ শতাংশ। সিএমএসএমই ও ভোক্তা ঋণের আওতাধীন ব্যক্তিগত ঋণ ও গাড়ি কেনার ঋণের সঙ্গে আরও ১ শতাংশ তদারকি মাশুল যুক্ত হয়ে সুদহার হবে ১৩ দশমিক ১৩ শতাংশ।