বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং আয়ুর্ভেদিয়া ফার্মেসি (ঢাকা) লিমিটেডের (এপি) মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে তিন একর জমি বরাদ্দে চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল বেজা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। সভায় সভাপতিত্ব করেন বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মজিবর রহমান। সভায় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়ুর্ভেদিয়া ফার্মেসি (ঢাকা) লিমিটেড বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে তিন একর জমিতে ৭১ লাখ ৮০ হাজার ডলার বিনিয়োগে খাদ্যদ্রব্য, আয়ুর্বেদিক হেলথ কেয়ার এবং পার্সোনাল কেয়ার পণ্য প্রস্তুত করবে। এতে প্রায় ৩০০ জনের কর্মসংস্থান হবে বলে আশা করা যাচ্ছে।
১৯১২ সালে প্রতিষ্ঠিত শীর্ষস্থানীয় এই আয়ুর্বেদিক ও হার্বাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। বৈজ্ঞানিক ও স্বাস্থ্যসম্মতভাবে এবং গুণগত মান বজায় রেখে প্রতিষ্ঠানটি পণ্য উৎপাদনের ধারা বজায় রেখেছে। ওষুধ ছাড়াও প্রতিষ্ঠানটি খাদ্য ও প্রসাধনসামগ্রী প্রস্তুত করে থাকে।
আয়ুর্ভেদিয়া ফার্মেসি (ঢাকা) লিমিটেডের চেয়ারম্যান রাকিব মোহাম্মদ ফখরুল বলেন, সুনাম অক্ষুন্ন রেখে আয়ুর্বেদিক বিভিন্ন পণ্য উৎপাদন করবে তার প্রতিষ্ঠান। তিনি বেজার আন্তরিকতার জন্য এর নির্বাহী চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ব্যবসার সম্প্রসারণে সরকারের সব বিভাগের সহযোগিতা কামনা করেন।
বেজার পক্ষে নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মজিবর রহমান এবং আয়ুর্ভেদিয়া ফার্মেসি (ঢাকা) লিমিটেডের চেয়ারম্যান রাকিব মোহাম্মদ ফখরুল চুক্তি স্বাক্ষর করেন।