ইউক্রেন যুদ্ধে শত শত শিশুকে হত্যা ও পঙ্গু করায় রাশিয়াকে জাতিসংঘের ‘লিস্ট অব শেম’ বা ‘লজ্জাজনক দেশের তালিকা’য় অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ ফিলিস্তিনে একই ধরনের অপরাধ সত্ত্বেও ইসরায়েলকে রাখা হয়েছে তালিকার বাইরে। গত বৃহস্পতিবার সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের প্রতি আচরণ বিষয়ে জাতিসংঘের একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যেও বিতরণ করা হয়। ওই প্রতিবেদন নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘ইউক্রেনে শিশুদের বিরুদ্ধে রাশিয়ার ব্যাপকসংখ্যক মানবাধিকার লঙ্ঘন দেখে আমি বিস্মিত।’ প্রতিবেদনে জাতিসংঘের হিসাব বলছে, গত বছর ইউক্রেনে ৪৭৭ শিশু হত্যার শিকার হয়; যার মধ্যে ১৩৬টি মৃত্যুর জন্য রুশ বাহিনী ও সহযোগী গোষ্ঠীগুলো সরাসরি দায়ী। এ ছাড়া ৮০টি মৃত্যুর জন্য দায়ী ইউক্রেনীয় বাহিনী। জাতিসংঘের রিপোর্ট মতে, এসব শিশুর বেশিরভাগই বিমান হামলার কারণে নিহত হয়। হিউম্যান রাইটস ওয়াচ রুশ সেনাবাহিনীকে তালিকায় রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে ইসরায়েলকে লজ্জার তালিকার বাইরে রাখায় সমালোচনা করেছে। সংস্থাটি বলেছে, ‘গুতেরেস ফিলিস্তিনি শিশুদের অধিকার বাস্তবায়নে আবারও ব্যর্থ হয়েছেন।’