বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশবাসীর ভাগ্য পরিবর্তন করে একটি সুখী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আসুন দেশবাসীর ভাগ্য পরিবর্তন করে জাতির পিতার স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও সোনার এবং স্মার্ট বাংলাদেশ গড়ার শপথ নিই।’

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী দেশবাসী এবং তার দলের নেতাকর্মীসহ সবাইকে বিএনপি ও জামায়াত সম্পর্কে সতর্ক করে বলেন, তারা বাংলাদেশকে ধ্বংস করতে নেমেছে। তিনি বলেন, ‘বিএনপি- জামায়াত দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা দেশকে ধ্বংস করবে। তাই দলগুলোর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

দেশের ব্যাপক আর্থসামাজিক উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশবাসীর ভাগ্য বদলে যায়।’

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে দেশবাসী আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে এবং ২০০৯ সাল থেকে বিগত সাড়ে ১৪ বছরে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, ‘২০০৯-২৩ মেয়াদে আমরা দারিদ্র্যের হার ৪১ থেকে ১৮ শতাংশে নামিয়ে এনেছি এবং চরম দারিদ্র্যের হার ২৫ শতাংশের ওপর থেকে কমে পাঁচ শতাংশে নিয়ে এসেছি।’

সরকারপ্রধান বলেন, শিক্ষার হার বেড়েছে, মা ও শিশুর মৃত্যুহার কমেছে এবং দেশবাসীর গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা দিয়েছে, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, তৃণমূল পর্যায়ে আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিত করেছে, দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছে এবং গ্রাম পর্যায়ে ওয়াইফাই সংযোগ দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরও উন্নত হবে। ২০৪১ সাল নাগাদ আওয়ামী লীগ দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করবে।’

বাংলাদেশ কৃষি, বিজ্ঞান ও স্বাস্থ্যসহ প্রতিটি খাতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং এভাবে বিশ্বমঞ্চে মর্যাদা অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্ব আগে বাংলাদেশের প্রতি সহানুভূতি দেখিয়েছিল, তারা এখন বাংলাদেশকে সম্মান করে। এই সম্মান আওয়ামী লীগ অর্জন করেছে।’

শেখ হাসিনা বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ১৯৪৯ সালের ২৩ জুন থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। আওয়ামী লীগই একমাত্র দল যারা মানুষের কল্যাণের কথা চিন্তা করে।

আ.লীগ ক্ষমতায় থাকলেই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তিনি গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সেবা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এটাই আওয়ামী লীগের মূলমন্ত্র।’

আওয়ামী লীগ সরকারে থাকলে জনগণ সুবিধা পায় এবং তাদের ভাগ্যের পরিবর্তন হয়, এটা প্রমাণিত সত্য উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ নৌকায় ভোট দিয়েছে বলেই আজ মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হয়েছে।’

বাংলাদেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি জানি অনেক চক্রান্ত, ষড়যন্ত্র হচ্ছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও শফিউল আলম নাদেল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আক্তার জাহান, ঢাকা দক্ষিণ মহানগর সভাপতি আবু আহমেদ মান্নাফী, ঢাকা উত্তর মহানগর সভাপতি বজলুর রহমান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আলোচনা সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও সহসভাপতি সৈয়দ আবদুল আউয়াল শামীম। বাসস