ফ্রিজকে রাখুন দুর্গন্ধমুক্ত

বর্তমান সময়ে ফ্রিজ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সবার জীবনে। কিন্তু ফ্রিজকে দীর্ঘদিন ভালো রাখতে এর যত্নও নিতে হবে মন দিয়ে।

অনেক বাড়িতে ফ্রিজ খুললেই মাঝেমধ্যে দুর্গন্ধের ঝাপটা আসে। তখন নিজেকেই নাকে চাপা দিতে হয়। দীর্ঘ দিনের অযত্নের কারণেই কিন্তু ফ্রিজে এমন গন্ধ হতে পারে। দুর্গন্ধযুক্ত ফ্রিজে খাবারদাবার রাখাও কিন্তু নিরাপদ নয়। তাহলে ফ্রিজের গন্ধ দূর করবেন কোন উপায়ে?

ভিনেগার

প্রায় সকলেরই রান্নাঘরে ভিনেগার থাকেই। ফ্রিজে অতিরিক্ত গন্ধ হলে তা দূর করতে অন্যতম ভরসা হতে পারে ভিনেগার। এক কাপ পানিতে তিন ফোঁটা ভিনেগার দিয়ে ফুটিয়ে নিন। পানিটি একটি পাত্রে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। ৪-৬ ঘণ্টা পর ফ্রিজ খুলে দেখবেন গন্ধ একেবারে চলে গিয়েছে।

এসেন্সিয়াল অয়েল

ফ্রিজের গন্ধ দূর করতে ব্যবহার করতে পারেন এসেন্সিয়াল অয়েল। দুর্গন্ধ কেটে গিয়ে সুগন্ধে ভরে উঠবে ফ্রিজ। একটি তুলা তেলে ভিজিয়ে প্রতিটি ফ্রিজের তাকে রেখে দিন। তখন যেন ফ্রিজে কোনও খাবার না থাকে। কয়েক ঘণ্টা রাখার পর ফ্রিজের দরজা খুলুন, দেখবেন বাজে গন্ধ চলে গিয়েছে।

খাবার রাখুন বায়ুনিরোধী পাত্রতে

কিছু কিছু খাবারের গন্ধে ফ্রিজও গন্ধ হয়ে যায়। তাই ফ্রিজে যেই খাবার রাখা হোক না কেন তা ঢাকনাসহ পাত্রে রাখতে হবে। বিশেষকরে বায়ুনিরোধী পাত্রতে খাবার রাখলে খাবারও ভালো থাকে এবং ফ্রিজও গন্ধ হয় না।

প্রতিদিন পরিষ্কার করুন

নিয়মিত ফ্রিজ পরিষ্কার করা অত্যন্ত জরুরি। সময়ের অভাবে অনেকেরই ফ্রিজ পরিষ্কার করা হয় না। সেটা করলে চলবে না। পাঁচ মিনিট হলেও সময় নিয়ে ফ্রিজ পরিষ্কার রাখুন। প্রতি দিন যত্ন না করলে ফ্রিজে গন্ধ হওয়া অস্বাভাবিক নয়।