রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার যোদ্ধাদের বিদ্রোহের পর রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রতি নিজেদের সমর্থনের বিষয়টি পুনঃনিশ্চিত করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানিকে উদ্ধৃত করে জানায়, রাশিয়ান ফেডারেশনে আইনের শাসনকে সমর্থন করে ইরান। দেশটি দীর্ঘদিন ধরে রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র। গত শনিবার ইসলামিক রেভল্যুশনারি গার্ডসংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেলে বলা হয়, ‘প্রয়োজনে আমরা যেমন আসাদের পতন ঠেকিয়েছি, তেমনি পুতিনের পতনও ঠেকিয়ে দেব।’ বিতর্কিত হলেও রাশিয়ার মিত্র উত্তর কোরিয়াও পুতিনের পাশে থাকার কথা জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পিয়ংইয়ংয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগোরার সঙ্গে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী ইম চোন ইল। সেখানে তিনি বলেন, যে বিদ্রোহের মুখোমুখি রাশিয়া হয়েছে, তা সফলভাবে দমনে অবশ্যই সক্ষম পুতিন। এ ছাড়া রাশিয়াকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে বলেও মনে করে দেশটি। এর আগে গত শনিবার বিদ্রোহের পরপরই পুতিনকে ফোন করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কাণ্ডজ্ঞান খাটিয়ে বিদ্রোহ মোকাবিলার পরামর্শ দেন।