এখনো বোনাস হয়নি ৪৬ শতাংশ কারখানায়

ঈদের খুশি অনিশ্চিত দেশের পোশাক খাতের প্রায় অর্ধেক কারখানার শ্রমিকদের। কোরবানির ঈদ সামনে রেখে বেতন-বোনাস দেওয়ার কথা থাকলেও ৪৬ দশমিক ৩২ শতাংশ পোশাক কারখানা গতকাল রবিবার বিকেল ৪টা পর্যন্ত শ্রমিকদের ঈদ বোনাস দেয়নি। আর চলতি মাসের অর্ধেক বেতন পরিশোধ করেছে মাত্র ৯ দশমিক ৯২ শতাংশ কারখানা। তৈরি পোশাকের বাইরে অন্যান্য শিল্পকারখানায় বেতন-বোনাস দেওয়ার হার আরও কম। বাংলাদেশ শিল্প পুলিশের হালনাগাদ পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।

হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, পোশাকসহ অন্যান্য শিল্প খাতের বহু কারখানার গত মে মাসের বেতনও এখন পর্যন্ত বকেয়া রয়েছে। ৩৩৭টি কারখানা এখনো গত মাসের বেতন দেয়নি। এর মধ্যে তৈরি পোশাক ও বস্ত্র কারখানা ১২৮টি।

আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা ও সিলেটের ৯ হাজার ৯১৫টি শিল্পকারখানা তদারকি করে শিল্প পুলিশ। এসব কারখানার মধ্যে এখন পর্যন্ত ৪৬ দশমিক ৩২ শতাংশ বা ৫ হাজার ৩২২টি কারখানা ঈদ বোনাস দেয়নি, ৮ হাজার ৯৩১টি কারখানা চলতি মাসের অর্ধেক বেতন দেয়নি। তার মানে, মাত্র ৯ দশমিক ৯২ শতাংশ বা ৯৮৪টি বেতন পরিশোধ করেছে।

এই আট এলাকায় তৈরি পোশাক ও বস্ত্র কারখানা আছে অন্তত ২ হাজার ৬৮২টি। তার মধ্যে গতকাল পর্যন্ত ১ হাজার ৫৮৬টি কারখানা বোনাস পরিশোধ করেছে। এ ছাড়া ১৬৪ কারখানা চলতি মাসের অর্ধেক বেতন দিয়েছে।

চলতি মাসের প্রথম সপ্তাহে শ্রম ভবনে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭৫তম এবং আরএমজি টিসিসির ১৫তম সভা শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ঘোষণা দেন, পবিত্র ঈদুল আজহার ছুটির আগেই শ্রমিকদের ঈদ বোনাস দিতে হবে। আর চলতি জুন মাসের অর্ধেক বা ১৫ দিনের বেতনও পরিশোধ করতে হবে। কোনো মালিকের সক্ষমতা থাকলে পূর্ণ মাসের বেতন দিতে পারবেন।