পাকিস্তানের আকাশসীমায় ইন্ডিগোর ফ্লাইট

খারাপ আবহাওয়ার কারণে রোববার ভারতের শ্রীনগর থেকে জম্মুগামী ইন্ডিগোর একটি ফ্লাইট নির্ধারিত রুট ছেড়ে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়েছিল। তবে আবহাওয়া অনুকূলে এলে ফ্লাইটটি পরে ভারতের পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে।

এএনআই এর বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

মূলত খারাপ আবহাওয়ার কারণে অফিসিয়াল ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে বাধ্য হয়েছিল বলে জানান এয়ারলাইন্সের কর্মকর্তারা।

তবে ইন্ডিগোর এ ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার আগে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল বলে জানান একজন এয়ারলাইন্স কর্মকর্তা। পরবর্তীতে ফ্লাইটি ভারতের অমৃতসরে ফেরত পাঠাতে জম্মু এবং লাহোরের কন্ট্রোলরুম থেকে সমন্বয় করা হয়।

এর আগে, চলতি মাসের শুরুতেও এ ধরনের একটি ঘটনা ঘটেছিল। তখন ইন্ডিগোর অমৃতসর থেকে আহমেদাবাদ যাওয়ার একটি ফ্লাইট খারাপ আবহাওয়ার কারণে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছিল।