অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি জলপাইগুড়ি থেকে কলকাতার উদ্দেশে যাওয়ার পথে তুমুল বৃষ্টি ও বজ্রপাতের কারণে জরুরি অবতরণে বাধ্য হয়। এ ঘটনায় মমতা পা এবং কোমরে চোট পান বলে জানায় পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা অনলাইন। তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করতে কলকাতার এসএসকেএম নিয়ে যাওয়া হয়। আগামী ৮ জুলাই রাজ্যজুড়ে তিন স্তরের পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনে দলীয় প্রচারে উত্তরবঙ্গ যান তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু সেখানে যেতে গিয়ে কিছুক্ষণ পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়ে তাকে বহনকারী হেলিকপ্টারটি। এরপর সেটি বাগডোগরার কাছাকাছি একটি সেনাঘাঁটিতে অবতরণ করে। সেখান থেকে প্রথমে গাড়িতে বাগডোগরা ও পরে উড়োজাহাজে কলকাতায় ফেরেন মমতা।