কোরবানির মাংস পেলো ৬৫০ এতিম

আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারিটি বাংলাদেশের অর্থায়নে ও নভেল অর্গানাইজেশন ফর রূরাল রিফর্মসের তত্ত্বাবধানে কিশোরগঞ্জের ভৈরবে ৬৫০ এতিম শিশুর মায়ের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ভৈরবের দক্ষিণ চন্ডিবেরস্থ হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের এতিমের মায়েদের মাঝে এই কোরবানির মাংস বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা: আমিন হাফিজ উমর। বিশেষ অতিথি হিসেবে মিসেস সাগরিকা আমিন, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের সাধারণ সম্পাদক মাহিন সিদ্দিকী, নভেল অর্গানাইজেশন ফর রূরাল রিফর্মসের ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, কাতার চ্যারিটি বাংলাদেশের ফিল্ড অফিসার মো. নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।

হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলুর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ম্যানেজার মোজাহিদুল হক শুভ, প্রজেক্ট ম্যানেজার ইউসুফ আহমেদ গালিব, হিসাবরক্ষক মুজিবুর রহমান, দক্ষতা উন্নয়ন বিভাগের প্রজেক্ট ইনচার্জ ইকরাম বখ্শ, সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট মার্ক অধিকারী প্রমূখ।

আলোচনায় বক্তারা এতিম ও তাদের পরিবারের পাশে সাধ্য মতো সহায়তা নিয়ে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। প্রতি বছর কোরবানির মাংস বিতরণের এ কার্যক্রম পরিচালনার জন্য কাতার চ্যারিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।