নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা বাজারে সমীর ভক্ত (৪৮) নামে এক চা দোকানির জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
গতকাল ভোরে বল্লাহাটি গ্রামের ইয়াকুব শিকদারসহ তার তিন ছেলে সুজ্জল, ইকবাল ও আনিচুর শিকদার ছাড়াও অন্তত ১৫জন লোক সমীর ভক্তের চায়ের দোকানে হামলা চালিয়ে দুই শতক জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এই সময় তারা চায়ের দোকানের টিনের চালা ভেঙে বাজারের পেছনে ফেলে দেয় এবং দোকানের আশপাশে থাকা কলা গাছসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছ কেটে ফেলে। এমনকি জমি দখল করে পাঁকাঘর তোলার উদ্দেশ্যে রাতারাতি ইট এনে জড়ো করেছে প্রতিপক্ষরা বলেও অভিযোগ তুলেছে।
ভুক্তভোগী সমীর ভক্ত জানান, ইয়াকুব শিকদারের লোকজন প্রায় চার মাস আগে তার চায়ের দোকানসহ জমি দখলের চেষ্টা চালিয়েছিল। এ কারণে গত ৫ ফেব্রুয়ারি আদালতে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করেন সমীর ভক্ত। পরবর্তীতে আসামিরা আদালতে হাজির হয়ে দুই হাজার টাকার বন্ডে সমীর ভক্তসহ তার দোকানে আর হামলা চালাবেন না বলে অঙ্গীকার করেন ।
অঙ্গীকার অমান্য করে প্রতিপক্ষ ইয়াকুব শিকদারের লোকজন সমীর ভক্তের দোকানে দু’দফা হামলা চালিয়েছে। এর মধ্যে গত ১২ জুন সোমবার রাত ১টার দিকে সমীরের দোকানে আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষরা।
এই ঘটনায় দোষীদের বিচার চেয়েছেন ভুক্তভোগীসহ বিভিন্ন পেশার মানুষ।
এদিকে ইয়াকুব শিকদারসহ তাদের লোকজন দোকান ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে তারা বলেন, আমরা এই হামলার সঙ্গে জড়িত নই।
এই ব্যাপারে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, পাখিমারা বাজারের ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এই ঘটনায় আদালতে মামলাও দায়ের হয়েছে। গতকাল ভোরে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।