টানা চার দিন বন্ধ থাকার পর গতকাল রবিবার সকাল থেকে শুরু হয়েছে ব্যাংকিং কার্যক্রম। প্রথম কর্মদিবসে কেন্দ্রীয় ব্যাংকসহ শাখা ব্যাংকগুলোতে ছিল ঈদের আমেজ। কাজের চাপও ছিল তুলনামূলক কম।
ব্যাংকপাড়া হিসেবে পরিচিত মতিঝিলের ব্যাংকগুলোর বিভিন্ন শাখায় কর্মীদের উপস্থিতি থাকলেও গ্রাহকের চাপ ছিল না। নিতান্ত প্রয়োজন ছাড়া ব্যাংকমুখী হননি গ্রাহকরা। অনেকেই ব্যাংকের প্রয়োজনীয় কাজ সেরেছেন। নগদ টাকা জমা ও উত্তোলন করেন কিছু গ্রাহক। সোনালী ব্যাংকের লোকাল অফিসে গুটিকয়েক গ্রাহককে সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলন করতে দেখা যায়। ছুটির পর প্রথম দিন ফাঁকা অবস্থায় লেনদেন করতে আসেন অনেক গ্রাহক। তবে সেই সংখ্যাটা খুবই কম।