মার্তিনেজ আজ ঢাকায়, তবে...

সেই কোপা আমেরিকা জয়ের পর থেকেই আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। গত বছর কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালের টাইব্রেকারে অসাধারণ সেভে সারা দুনিয়ার মতো বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের কাছেও হয়ে যান নায়ক। বিশ্বকাপে আর্জেন্টিনা দল নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার কথা খুব জানা খোদ মার্তিনেজেরও। সেই তিনিই আজ ঢাকায় আসছেন। তবে ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে প্রিয় তারকাকে এক ঝলক সামনে থেকে দেখার সুযোগ পাচ্ছে না কোটি আর্জেন্টাইন সমর্থক।

ভারতীয় এজেন্ট শতদ্রু দত্তর মাধ্যমে অল্প সময়ের জন্য মার্তিনেজকে ঢাকায় আনছে বেসরকারি প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চারস। ব্যক্তিগত সফর বলেই মার্তিনেজকে এই প্রতিষ্ঠান সাধারণ মানুষের সামনে আনছে না। ভোর ৫টায় ঢাকায় নেমে কিছুক্ষণ একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রাম নিয়ে তিনি যাবেন নেক্সট ভেঞ্চারসের কার্যালয়ে। সেখানে কিছু সময় কাটিয়ে মার্তিনেজ সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এরপর বিকেলেই কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা এনে দিতে বড় ভূমিকা রাখা এই গোলকিপার।

দু’দিন আগেই প্রকাশ পেয়েছিল মার্তিনেজের কলকাতা সফরের সূচি। আজ বিকেলে সে শহরে পা রেখে ৬ জুলাই সকালে শেষ হবে সফর। এই সফরে সাধারণ মানুষকে নানাভাবে সম্পৃক্ত করা হয়েছে। তবে ঢাকায় সে রকম কোনো আয়োজনই রাখা হয়নি। এমনকি কোনো সংবাদ সম্মেলনের ব্যবস্থাও রাখা হয়নি। বিশ্বকাপজয়ী দলের এই সদস্যের ঢাকা সফর নিয়ে কাল বিকেল পর্যন্ত ছিল রহস্য। বিকেলে তড়িঘড়ি সংবাদ সম্মেলন ডাকে নেক্সট ভেঞ্চারস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ আব্দুল্লাহ জায়েদ সেখানে অবশ্য সাধারণকে বঞ্চিত করতে হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন, ‘মার্তিনেজের সঙ্গে আগে থেকেই আমাদের যোগাযোগ ছিল। তিনি কলকাতায় যাবেন, সেজন্য আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, তিনি ঢাকায় এসে কোনো পাবলিক ইভেন্টে অংশ নেবেন না। এটা করতে পারলে আমাদের জন্য ভালো হতো। আমরা বড় একটা অনুষ্ঠান আয়োজন করতে পারতাম।’ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মার্তিনেজ তার সফরের সময় নেক্সট ভেঞ্চারসের কার্যালয়ে ফটোশুটসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে সময় কাটাবেন। এ সময় সীমিত কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে আছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলার ৩০ বছর বয়সী আলোচিত গোলকিপার এমি মার্তিনেজের ঢাকা সফরের বিষয়টি নিয়ে নেক্সট ভেঞ্চারসের পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গেও কেউ কোনো যোগাযোগ করেনি। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন কোনো আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মার্তিনেজের এই সফরটা সম্পূর্ণ ব্যক্তিগত। এর সঙ্গে বাফুফে কিংবা আর্জেন্টিনা এফএ’র কোনো যোগসূত্র নেই। ঢাকায় যারা তাকে আনছেন তাদের পক্ষ থেকেই আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা নাকি সেভাবে কিছু জানেন না।’

সাধারণ ফুটবলপ্রেমীদের দূরে রাখার সিদ্ধান্তে বাংলাদেশ সম্পর্কে আসল ধারণাটা চাইলেও পাবেন না মার্তিনেজ, এটা বলাই যায়।