পরিচালন মুনাফায় সোনালী ব্যাংকের রেকর্ড

চলতি বছরের প্রথম অর্ধবার্ষিকীতে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকসমূহের মধ্যে রেকর্ড ১ হাজার ৬৭৯ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে সোনালী ব্যাংক পিএলসি, যা গত বছরের একই সময়ের চেয়ে ৬৩৪ কোটি টাকা বেশি। গত বছরের প্রথমার্ধে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১ হাজার ৪৫ কোটি টাকা। 

চলতি প্রথমার্ধে সোনালী ব্যাংকে ঋণ ও অগ্রিমের পরিমাণ বেড়েছে ১৫ হাজার ১৭ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে যার পরিমাণ ৯০ হাজার ৮২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৭৫ হাজার ৬৫ কোটি টাকা। একই সময়ে আমানত ও ঋণের অনুপাতের হার ৫৪.২৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬০.৫৪ শতাংশ হয়েছে, অর্থাৎ বৃদ্ধির হার ৬.২৯ শতাংশ।

পরিচালনার মুনাফার পাশাপাশি প্রতিটি সূচকেও রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকসমূহের মধ্যে এগিয়ে রয়েছে সোনালী ব্যাংক। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির আমানত বৃদ্ধি পেয়েছে ১০ হাজার ৪১৩ কোটি টাকা। এছাড়া শ্রেণিকৃত ঋণ আদায়ের পরিমাণ বেড়েছে ১১২ কোটি টাকা। ২০২২ সালে শ্রেণিকৃত ঋণ আদায়ের পরিমাণ ছিল ১৬৫ কোটি টাকা। ২০২৩ সালের জুন পর্যন্ত আদায় বেড়ে হয়েছে ২৭৭ কোটি টাকা। একই সময়ে ব্যাংকের শ্রেণিকৃত ঋণের হার ১৬.২২ শতাংশ থেকে কমে ১৩.৪০ শতাংশে অবনমিত হয়েছে। ২০২২ সালের ২৮ আগস্ট ব্যাংকের এমডি ও সিইও হিসেবে মো. আফজাল করিম দায়িত্ব গ্রহণ করেন। এরমধ্যে খেলাপি ঋণ হ্রাস, ঋণ ও আমানত বৃদ্ধি, আমানত-ঋণ অনুপাত বৃদ্ধি, লোকসানি শাখা কমিয়ে আনা, বিভিন্ন নতুন ঋণ ও আমানত স্কিম চালু, ব্যাংকের সার্বিক সূচকগুলোর মান উল্লেখযোগ্য উন্নতি লাভ করেছে।

সাফল্যের ধারাবাহিকতা বিষয়ে আফজাল করিম বলেন, জনগণের ব্যাংক হিসেবে সোনালী ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা এবং ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পরিশ্রমের ফলে এ অর্জন সম্ভব হয়েছে। বিজ্ঞপ্তি