গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার তার কার্যালয়ের শাপলা হলে জায়েদা খাতুনকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে মায়ের সঙ্গে যোগ দেন গাজীপুর সিটির সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম। শপথ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন মেয়র জায়েদা খাতুন। এ সময় তিনি ছেলে জাহাঙ্গীর আলমের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। একই সঙ্গে ছেলের জন্য প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করেন।
জবাবে প্রধানমন্ত্রী ইতিবাচক মন্তব্য করেছেন বলে মা জায়েদা খাতুনের বরাত দিয়ে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম দেশ রূপান্তরকে বলেছেন। জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছি। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে গাজীপুরে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছি। মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার আস্থা ও ভরসার স্থান। গাজীপুরের জনগণ আমার সঙ্গে আছে, আওয়ামী লীগের সঙ্গে আছে। আমি আওয়ামী লীগের জন্য এবং এই মহানগরীর উন্নয়নের জন্য মায়ের পাশে থেকে কাজ করে যাব।’