জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু চেয়ারম্যানের সহযোগী নয়নকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (০৩ জুলাই) গভীর রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বকশিগঞ্জ থানা পুলিশ। নয়ন ওই এলাকার সানোয়ার হোসেনের ছেলে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে নয়নের সম্পৃক্ততার কথা জানা যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নয়নকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জুন পেশাগত দায়িত্বপালন শেষে রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক নাদিম। পরদিন সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুপুরে মারা যান।
এ ঘটনায় ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে ও আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা করেন। এ পর্যন্ত নামীয় ২২ জন আসামির মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়েছে। এখনো বাবু চেয়ারম্যানের ছেলে মামলার ২ নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতসহ ১৭ জন আসামি ধরাছোঁয়ার বাইরে। নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিক নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। তিনি নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।