চাকরি সম্পর্কিত মামলা

সরকারি কর্মকর্তা কর্মচারী গ্রেপ্তারে লাগবে অনুমতি

সরকারি কর্মচারী-কর্মকর্তাদের দায়িত্ব পালন সম্পর্কিত মামলায় গ্রেপ্তারে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের অনুমতির বিধান রেখে জাতীয় সংসদে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৩’ পাস হয়েছে। বিলে বলা হয়েছে, স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালন সম্পর্কিত অভিযোগে করা ফৌজদারি মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণের আগে গ্রেপ্তার করতে হলে সরকার বা নিয়োগকারী কর্র্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে। গতকাল মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ বিল পাস হয়। বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্ত াবগুলো উত্থাপন করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

তাদের প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়। পাস হওয়া সরকারি চাকরি আইনে স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকারি প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীদের বেতন-ভাতা, অবসর-সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিলটি পাসের প্রক্রিয়ায় অংশ নিয়ে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, ‘জনপ্রশাসনে আজ চরম বিশৃঙ্খলা। তারা ওয়ারেন্ট অব প্রিসিডেন্স মানেন না। প্রজাতন্ত্রের কিছু কর্মচারী নিজেকে স্বঘোষিত মার্শাল আইয়ুব খান বা তার অনুসারী ভাবেন। তাদের ইচ্ছেমতো স্বাধীন ও জনস্বার্থের সঙ্গে সাংঘর্ষিক সিদ্ধান্ত নিয়ে জনগণ ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অবস্থান নেন।’ তিনি আরও বলেন, ‘কোনো কোনো মন্ত্রণালয়ে গেলে দেখা যায় সচিব, অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব মন্ত্রীর স্বাক্ষর থাকার পরও ঠিকমতো কাজ করেন না। বেশিরভাগ দপ্তরের কর্মকর্তারা জনপ্রতিনিধিদের প্রাপ্য সম্মান দিতে ইতস্তত বোধ করেন। কিছু ক্ষেত্রে মন্ত্রীদেরও অসহায় দেখা যায়। তাদের (মন্ত্রী) ইচ্ছা বা নির্দেশনা বাস্তবায়ন করতেও গড়িমসি করেন। সরকার মনে করে জনপ্রশাসন নির্বাচন কমিশনের মাধ্যমে তাদের হেফাজত করবে। এটা ভালো লক্ষণ নয়।

এতে জনপ্রশাসনে বিশৃঙ্খলা বাড়বে। প্রতিষ্ঠানগুলোর ভিত্তি দুর্বল হবে, জনস্বার্থ বিঘিœত হবে।’ সংশোধিত আইনটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজুলর রহমান। তিনি বলেন, ‘ফৌজদারি মামলায় অভিযোগ গঠনের আগে যে কাউকেই গ্রেপ্তার করা হয়। এজন্য কারও অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু সরকারি কর্মচারীদের অভিযোগ গ্রহণের আগে গ্রেপ্তার করা যাবে না, এটা আইনের চোখে সবাই সমান, এ নীতির পরিপন্থী।’ এ আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবি জানান। তিনি বলেন, ‘বিশ্বের উন্নত দেশগুলোতে ৩৫, ৪০, ৫৫ এমনকি ৫৯ বছর পর্যন্ত চাকরির বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে একেবারে নিম্নপর্যায়ে আছে। বয়সসীমা ৩৫ বছর করা হলে বেকার সমস্যা লাঘব হবে।’