একসঙ্গে কাজ করবে বিডা-সিঙ্গাপুর গ্রুপ

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে একত্রে কাজ করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও এন্টারপ্রাইজ সিঙ্গাপুর গ্রুপ। গতকাল বুধবার বিডার কনফারেন্স কক্ষে বিডা ও এন্টারপ্রাইজ সিঙ্গাপুর গ্রুপের মধ্যে বাংলাদেশের বিনিয়োগ সহযোগিতা বিষয়ে আলোচনা ও এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়। বিডার পক্ষ থেকে স্বাক্ষর করেন নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুর গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক অড্রে ট্যান।

বিডার কনফারেন্স কক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিনের সভাপতিত্বে এন্টারপ্রাইজ সিঙ্গাপুর গ্রুপের সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কোলাবোরেশন অব ইনভেস্টমেন্ট অ্যাকটিভিটিজ ইন বাংলাদেশ বিষয়ে আলোচনা ও বিনিয়োগ সহযোগিতাসংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, ব্যবসা-বাণিজ্য বিনিয়োগ এখন আর ২০ বছর আগের মতো নেই, ব্যবসা-বাণিজ্য বিনিয়োগে এখন প্রযুক্তির প্রয়োগ আবশ্যক, সেই ধারাবাহিকতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন বাণিজ্য ও বিনিয়োগ পলিসি আধুনিকায়নসহ, বিনিয়োগকারীদের সর্বোচ্চ আধুনিক বিনিয়োগ সেবা দিয়ে আসছে।

তিনি বলেন, বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগে সিঙ্গাপুর আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং এই সমঝোতা স্মারকের ফলে আমাদের আস্থা, বন্ধুত্ব ও পারস্পারিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ আরও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে সহযোগিতার ক্ষেত্রগুলো আর সম্প্রসারিত হবে। এ সময়ে তিনি সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র ডিরেক্টর ফ্রান্সিস চং বলেন, সিঙ্গাপুর বাংলাদেশে বিদ্যুৎ, টেলিযোগাযোগ, টেক্সটাইল এবং আরএমজি, কৃষি ব্যবসা, খাদ্যসহ বিভিন্ন সেবা খাতে বড় ধরনের বিনিয়োগ করে আসছে, বাংলাদেশে সিঙ্গাপুরের তৃতীয় বৃহত্তম এফডিআই স্টক রয়েছে। বর্তমানে ১৬৭টির বেশি সিঙ্গাপুরের কোম্পানি বিডার অধীনে বিভিন্ন সেবা নিয়ে বাংলাদেশে কাজ করে চলছে। এ সময়ে তিনি আরও বলেন , এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে আগামীতে এই সংখ্যা এবং এফডিআইয়ের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।