পুরনো ঋণের খবর নিতে কেন্দ্রীয় ব্যাংকে এডিবি

পুরনো ঋণের যথাযথ বাস্তবায়ন যাচাইয়ে বাংলাদেশে এসেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি দল। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন তারা। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, তারা বিভিন্ন সময়ে দেওয়া ঋণের খোঁজখবর নিতে এসেছিলেন।

অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এডিবি এ পর্যন্ত বাংলাদেশ সরকারকে ২৭ দশমিক ৫৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে। এডিবি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব উত্তরণের লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা প্রদানের জন্য অর্থমন্ত্রী এডিবিকে ধন্যবাদ জানান।

চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশকে প্রায় ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে এডিবি। সরকারের উন্নয়ন প্রকল্পে এই অর্থ ব্যয় করা হবে। গতকাল সচিবালয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ করেন। এডিমন গিন্টিং বলেন, বাংলাদেশের সঙ্গে এডিবির দৃঢ় সম্পর্ক রয়েছে এবং এডিবি বাংলাদেশের পাশে থাকবে। কভিড-১৯ মহামারীর মধ্যে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর। তিনি বলেন, কভিড-১৯ মহামারী পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ অন্যতম সেরা উদাহরণ স্থাপন করেছে।

অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে গৃহীত উন্নয়ন প্রকল্পে এ অর্থবছরে প্রায় ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা প্রক্রিয়াধীন আছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এবং বিশেষ করে কভিড-১৯-এর ক্ষতিকর প্রভাব উত্তরণে দ্রুততার সঙ্গে বাংলাদেশকে সহায়তার জন্য এডিবির প্রশংসা করেন।