শহিদুল হত্যার তদন্তে নজর রাখবে যুক্তরাষ্ট্র : হাস

গাজীপুরে শ্রমিক নেতা শহিদুল ইসলাম হত্যার ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এ মামলার তদন্তে সার্বক্ষণিক নজর রাখা হবে বলেও জানান তিনি। গতকাল বুধবার রাজধানীর রামপুরায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের কার্যালয় পরিদর্শন করে এসব কথা বলেন পিটার হাস। ঢাকায় মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজেও পিটার হাসের এ সংক্রান্ত বক্তব্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি ছিলেন শহিদুল ইসলাম। ঈদুল আজহার আগে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করায় গত ২৫ জুন রাতে গাজীপুরের টঙ্গীর সাতাইশ বাগানবাড়ী এলাকার ‘প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডে’ যান শহিদুল। শ্রমিকদের সঙ্গে কথা বলে কারখানাটি থেকে বের হওয়ার পর তার ওপর হামলা হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৬ জুন টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কল্পনা আক্তার। এতে যে ছয়জনকে আসামি করা হয়েছে, তাদের পাঁচজনই আরেকটি শ্রমিক সংগঠনে জড়িত। বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন নামে ওই সংগঠনের বিরুদ্ধে মালিকপক্ষের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে।

কল্পনা আক্তারের অভিযোগ, শহিদুলের ওপর হামলাকারীরা মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসী। এ ঘটনায় এখন পর্যন্ত মাজাহারুল নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাজাহারুল বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের টঙ্গী পশ্চিম থানার সাধারণ সম্পাদক।