নগরে এডিস মশার লার্ভা পাওয়ায় আট ভবন মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ জুলাই) উত্তর খুলশিতে এ অভিযান পরিচালনা করেন চসিক’র বিশেষ ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। অভিযানকালে তিনি ২৫টি বাড়ি পরিদর্শন করেন। এ সময় আটটি ভবনের ছাদে পরিত্যক্ত টব ও পাত্রে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিকদের ৪৩ হাজার টাকা জরিমানা করেন।
এর আগে গত বুধবারও পাঁচলাইশ এলাকায় দুটি ভবন মালিককে এডিস মশার লার্ভার অস্তিত্ব পাওয়ায় জরিমানা করেন চসিকের সিনিয়র সহকারী সচিব রেজাউল করিম।
প্রসঙ্গত, গত ২২ জুন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং কলেজ চত্বরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ১০০ দিনের ‘মশক নিধন ক্রাশ প্রোগ্রাম’উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।