দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি থেকে যাবতীয় বিনিয়োগ সেবা দেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। গতকাল বৃহস্পতিবার বিডার কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সভায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।
এ সময় মুখ্য সচিব বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশি-বিদেশি সব ধরনের বিনিয়োগ খুবই প্রয়োজন, বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে, সেই সঙ্গে পুঁজিও বাড়বে। তাই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের আন্তর্জাতিক মানের উন্নত বিনিয়োগ সেবা প্রদান করতে হবে। বিডায় নিবন্ধিত সব প্রতিষ্ঠানের জন্য একটি সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি হিসেবে সব সেবা একীভূত করে বিনিয়োগকারীদের প্রদান করবে বিডা।
সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স, ওয়াসা, বিদ্যুৎ, আরজেএসসিঅ্যান্ডএফের নেম ক্লিয়ারেন্স, ইটিনসহ যাবতীয় বিনিয়োগ সেবা বিনিয়োগকারীরা বিডা ওএসএসের মাধ্যমে পাবেন। সে ক্ষেত্রে বিনিয়োগকারীকে শুধু একবার বিডার ওএসএসে ডিজিটাল তথ্য দিলেই চলবে, বিনিয়োগকারীদের বিনিয়োগ সেবা গ্রহণের জন্য অন্য কোনো প্রতিষ্ঠানে পৃথকভাবে যাওয়া ও তথ্য প্রদানের প্রয়োজন নেই।
লোকমান হোসেন মিয়া বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বর্তমান সময়ে প্রশ্ন হলো, আমরা স্বচ্ছভাবে কত দ্রুত বিনিয়োগ সেবা দিতে পারি? আন্তর্জাতিক চাহিদা অনুসারে আমাদের সেভাবেই বিনিয়োগ সেবা দিতে হবে, শুধু বিনিয়োগ সেবা প্রদান নয়, বিনিয়োগকারীদের ও পৃথক পৃথক প্রতিষ্ঠানে যাওয়া বাদ দিয়ে বিডার সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি থেকে যাবতীয় বিনিয়োগ সেবা নেওয়ার মানসিকতা থাকতে হবে।
তিনি বলেন, বর্তমানে বিডা বিনিয়োগকারীদের ২৩টি প্রতিষ্ঠানের ৬৭টি বিনিয়োগ সেবা বিনিয়োগকারীদের প্রদান করে আসছে এবং অতিদ্রুত ৪৪টি প্রতিষ্ঠানের ১৫৫টি সেবা বিনিয়োগকারীদের প্রদান করা সম্ভব হবে। সেই লক্ষ্যে অন্যান্য বিনিয়োগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা বিডা ওএসএসে একীভূত করার কাজ করে চলছে বিডা। যাতে বিনিয়োগের ক্ষেত্রে বিডা ওএসএস থেকে দ্রত হ্যাসেল ফ্রিভাবে সব সেবা বিনিয়োগকারীরা পান।