দ্বিতীয় দিনে হিলি দিয়ে ৫৭ টন কাঁচা মরিচ আমদানি

দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে দ্বিতীয় দিনের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রেখেছেন বন্দরের আমদানিকারকরা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৭টি ট্রাকে ৫৭ টন কাঁচা মরিচ আমদানি করা হয়। বন্দরের সততা বাণিজ্যালয়, সম্পা ট্রেডার্স ও বিকে ট্রেডার্স নামের তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান এই কাঁচা মরিচগুলো ভারত থেকে আমদানি করেছেন।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক মেসার্স সম্পা ট্রেডার্সের স্বত্বাধিকারী ইদ্রিস আলী বলেন, দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির ফলে দেশের বাজারে সরবরাহ বাড়ায় দাম কমে গিয়েছিল। তবে বাংলাদেশে কাঁচা মরিচ রপ্তানি শুরু হওয়ায় ভারতের বাজারেই দাম কিছুটা বৃদ্ধি পায়। যার কারণে বাড়তি দামে কিনতে হওয়া ও দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমে যাওয়ায় আমদানি শুরু হলেও লোকসানের আশঙ্কায় হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি বন্ধ রেখেছিলেন আমদানিকারকরা। সম্প্রতি আবারও দেশের বাজারে কাঁচা মরিচের মূল্যবৃদ্ধি পাওয়ায় দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে গত বুধবার থেকে বন্দর দিয়ে পুনরায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছেন তারা। এতে দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ে যে অস্থিরতা সেটি কেটে যাবে ও তেমনি দাম কমে আসবে বলেও জানিয়েছেন তিনি।

তবে ভারতের বাজারেই আগের তুলনায় কাঁচা মরিচের দাম বৃদ্ধির কারণে বাড়তি দামে কিনতে হওয়ায় দেশের বাজারে কাঁচা মরিচের দাম খুব একটা কমছে না। এছাড়া কাঁচা মরিচ আমদানিতে যে কেজিপ্রতি ৩৫ টাকার মতো শুল্ক দিতে হচ্ছে সেটি যদি কমানো হয় বা প্রত্যাহার করা হয় তাহলে দেশের মানুষ আরও একটু কম দামে কাঁচা মরিচ খেতে পারত বলে জানিয়েছেন আমদানিকারকরা।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আমদানির অনুমতি পাওয়ায় দীর্ঘ ১০ মাস বন্ধের পর গত ২৬ জুন থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। এদিন ৫টি ট্রাকে ২৭ হাজার ১৬৬ কেজি কাঁচা মরিচ আমদানি হয়। গত বুধবার পুনরায় বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। গতকাল ৪টি ট্রাকে ২৯ হাজার ৬৮০ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৭টি ট্রাকে ৫৭ হাজার ২৪১ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে। যেহেতু এটি কাঁচাপণ্য এবং দ্রুত পচনশীল তাই কাঁচা মরিচ যেন দ্রুত বন্দর থেকে খালাস নিতে পারেন আমদানিকারকরা এজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছেন বলেও জানিয়েছেন তিনি।