বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

পিছিয়ে পড়াদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়

বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিকল্প নেই। সমাজের পিছিয়ে পড়া ৪০ শতাংশ মানুষকে বাদ দিয়ে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগতভাবে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এড মাউন্টফিল্ড। গতকাল বৃহস্পতিবার শরীয়তপুর জেলায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা ক্ষুদ্র উদ্যোগসমূহকে সহায়তা প্রদানের পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক মনোভাব সৃষ্টি এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করছি, যা তাদের উন্নয়নের মূলস্রোতে অন্তর্ভুক্তির পথ উন্মুক্ত করছে। মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন পিকেএসএফের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এসব কার্যক্রম দেখে তিনি মুগ্ধ।

এড মাউন্টফিল্ডের নেতৃত্বে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল পিকেএসএফ এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (আরএআইএসই)’ প্রকল্প এবং ‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)’-এর মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।

এ পরিদর্শনে অন্যদের মধ্যে ছিলেন পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের, বিশ্বব্যাংকের এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যাডভাইজার উভিমানা বাসানিনিয়েনজি, প্রধান অর্থনীতিবিদ এস আমের আহমেদ, সিনিয়র সোশ্যাল প্রোটেকশন স্পেশালিস্ট আনিকা রহমান এবং পিকেএসএফের মহাব্যবস্থাপক দিলীপ কুমার চক্রবর্ত্তী।