সরকারি খাসজমি লিজের প্রলোভন দেখিয়ে নদী ভাঙা ভূমিহীনদের প্রায় অর্ধশত কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।
নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন চন্দ্র নগরের এরশাদ নগর এলকায় জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে বিভিন্ন অজুহাতে এসব টাকা হাতিয়ে নেয় চক্রটি। এসব বিষয়ে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। চক্রটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
রবিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবারগুলো।
তারা জানান, বেশকিছু নদী ভাঙা ভূমিহীন পরিবার এরশাদ নগর এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিতে বসবাস করে আসছে। সেখানে গত কয়েক বছর ধরে প্রতারক শেখ রফিকুল আলমসহ একটি মহল জেলা প্রশাসক বরাবর লিজের জন্য আবেদনের একটা কপি দিয়ে হাতিয়ে নিয়েছে ৩ থেকে পাঁচ লাখ টাকা।
ভুক্তভোগীরা পরবর্তীতে জানতে পারে, জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে নেওয়া এসব টাকার সঙ্গে জেলা প্রশাসক এবং জেলা প্রশাসনের কোনো কর্মকর্তার সম্পৃত্তা নেই। হাতিয়ে নেয়া টাকা ফেরত চাইলে তাদেরকে মারধর, মিথ্যা মামলা ও বিভিন্ন হয়রানি করা হচ্ছে।
তারা আরও জানান, প্রতারক রফিকের নামে নারী নির্যাতন ও চাঁদাবাজিসহ ৯টি মামলা রয়েছে। রফিক নিজেকে কোথাও রাজনৈতিক বড় বড় নেতাদের বন্ধুবান্ধব পরিচয় দেয়, আবার কোথাও কোথাও আদালতের মুন্সি পরিচয়ে এসব অপকর্ম চালিয়ে আসছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলকাবাসী। এ ছাড়া এসব কর্মকাণ্ডের বিষয়ে এলাকার কেউ প্রতিবাদ করলে তাদেরও মিথ্যা মামলা দিয়ে এবং বিভিন্ন হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার আশু পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।