অভিবাসন নীতি নিয়ে সৃষ্ট সংকটের জেরে জোট সরকারের পতনের পর এবার রাজনীতিই ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে। তিনি ঘোষণা দিয়েছেন, দেশের ক্ষমতাসীন দলের নেতার পদ থেকে সরে দাঁড়াবেন এবং রাজনীতি ছেড়ে দেবেন। গতকাল সোমবার নেদারল্যান্ডসের জাতীয় সম্প্রচারমাধ্যম এনওএসের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ডাচ রাজনীতির অদম্য পুরুষ হিসেবে পরিচিত মার্কের ডাকনাম ‘টেফলন মার্ক’। পরপর চারটি সরকারের নেতৃত্ব দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর গত রবিবার রুটে জানান, নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠিত হলেই রাজনীতি ছেড়ে দেবেন। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রুটে পদত্যাগ করলেও তার সরকারের মন্ত্রিসভা আগামী নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে। আর আগামী নভেম্বরে দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী রুটে। ২০১০ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। এরপর আরও তিনবার জোট গঠন করেই ক্ষমতায় টিকেছিলেন পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি বা ভিভিডির এ নেতা।