ইসলামী ব্যাংকের মালিকানা ছাড়ল তিন প্রতিষ্ঠান

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মালিকানা ছেড়ে দিয়েছে তিন কোম্পানি। আরমাডা স্পিনিং মিলস লিমিটেড, কিংসওয়ে এনডিভরস লিমিটেড ও ইউনিগ্লোব বিজনেস রিসোর্সেস নামের কোম্পানি তিনটি গত জুন মাসে তাদের সব শেয়ার বিক্রি করে দিয়েছে। এর ফলে ব্যাংকটির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত শেয়ার ধারণের পরিমাণ নেমে এসেছে ৪২ শতাংশের নিচে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তিন উদ্যোক্তা পরিচালনা পর্ষদ ছেড়ে দেওয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার এক মাসেই কমেছে ৯ শতাংশের বেশি। গত মে মাসেও কোম্পানির শেয়ারের ৫০ দশমিক ৯৭ শতাংশ ছিল উদ্যোক্তা-পরিচালকদের হাতে। আর গত ডিসেম্বর শেষে ব্যাংকটির মোট শেয়ারের ৫৫ দশমিক ০৬ শতাংশ ছিল উদ্যোক্তা-পরিচালকদের। এভাবে ছয় মাসে ব্যাংকটিতে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কমেছে ১৩ দশমিক ৭ শতাংশ।

আরমাডা স্পিনিং মিলস লিমিটেড, কিংসওয়ে এনডিভরস লিমিটেড ও ইউনিগ্লোব বিজনেস রিসোর্সেস তাদের হাতে থাকা ইসলামী ব্যাংকের সব শেয়ার বিক্রি করে পরিচালক প্রত্যাহার করে নিয়েছে। আরমাডার পক্ষে প্রতিনিধি পরিচালক ছিলেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান অধ্যাপক নাজমুল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষকের স্থলে গত ১৯ জুন ব্যাংকটিতে পরিচালক হিসেবে যোগ দিয়ে চেয়ারম্যান হন ২৭ বছর বয়সী আহসানুল আলম। উদ্যোক্তা প্রতিষ্ঠান জেমএমসি বিল্ডার্স লিমিটেডের প্রতিনিধি হিসেবে এ দায়িত্বে আসেন তিনি।

গত কয়েক দিন ধরেই ব্লক মার্কেটে ইসলামী ব্যাংকের বড় অঙ্কের শেয়ার হাতবদল হয়। সবশেষ রবিবার ব্লকে ২ কোটি ৬০ লাখ শেয়ার বিক্রি হয় ৮৪ কোটি ৭৬ লাখ টাকায়। প্রতি শেয়ারের বাজার মূল্য ৩২ টাকা ৬০ পয়সা ধরে বিক্রি হয়। তবে বিপুল পরিমাণের শেয়ার হাতবদল হলেও ইসলামী ব্যাংকের শেয়ার এখনো ফ্লোর প্রাইসে রয়ে গেছে।

গত জুনে ইসলামী ব্যাংকের মালিকানা ছেড়ে দেয় রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি। প্রতিষ্ঠানটির হাতে ব্যাংকটির ২ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ার ছিল।