এফডিআই আকর্ষণে একসঙ্গে কাজ করবে বিডা ও বিজপ্রো

দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বিজপ্রো লিমিটেড। গতকাল মঙ্গলবার বিজপ্রো লিমিটেডের সঙ্গে বিডার এফডিআই আকর্ষণের (ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট) সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিডার কনফারেন্স কক্ষে নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। সমঝোতা স্মারকে  বিডার পক্ষ থেকে স্বাক্ষর করেন মোহসিনা ইয়াসমিন এবং বিজপ্রো লিমিটেডের পক্ষ থেকে স্বাক্ষর করেন বিজপ্রোর এমডি মো. আবু সালেহ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে লোকমান হোসেন মিয়া বলেন, বিশ্বের অধিকাংশ দেশে বিনিয়োগ কমেছে, শুরু হয়েছে অর্থনৈতিক মন্দার পরিবেশ। আমাদের ২/৪টা সেক্টরের ওপরে নির্ভরশীল হলে চলবে না, আমাদের রপ্তানি বাস্কেট বাড়াতে হবে। আর এ জন্য প্রয়োজন বিদেশি বিনিয়োগ, এ সমঝোতা চুক্তির মাধ্যমে এফডিআই আকর্ষণে একসঙ্গে কাজ করবে বিডা ও বিজপ্রো।